রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। ভোটের এই আনুষ্ঠানিকতা শেষে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত। এরই মধ্যে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীতে তার সরকারি বাসভবনে ভিড় করেন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মির্জা ফখরুল হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে থাকেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই ভবনে ওঠেন। গত ছয় মাস সেখানে দিনরাত মানুষের আনাগোনা ছিল। তবে বুধবার রাতের চিত্র ছিল ভিন্ন। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন তাকে শেষবারের মতো কাছে পেতে এবং নিজেদের প্রয়োজনের কথা জানাতে অনেকে ছুটে আসেন।
রাত ৮টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, মির্জা ফখরুলের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের মানুষের ব্যাপক উপস্থিতি। পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও অনেকে এসেছেন। তাদের অনেকের হাতেই ছিল বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য আনা কাগজপত্র। মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় বাসভবনের মূল ফটকে থাকা পুলিশ সদস্যদের।
নিচতলার একটি কক্ষে বসে একে একে ডিও লেটার (আধা সরকারি পত্র) ও বিভিন্ন আবেদনপত্রে সুপারিশ করছিলেন মির্জা ফখরুল। কখনো আবার ভেতরের কক্ষে অপেক্ষমাণ ব্যক্তিদের সঙ্গে দেখা করে ও কথা বলে নিচে ফিরে আসছিলেন তিনি।
মির্জা ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরাও ব্যস্ত ছিলেন। তার স্বাক্ষর নেওয়া কাগজপত্র একে একে সুপারিশের জন্য আসা ব্যক্তিদের ডেকে তাদের হাতে তুলে দিচ্ছিলেন তারা।
ঠাকুরগাঁওয়ের বাসিন্দা শহিদুল ইসলাম এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ফি কমানোর সুপারিশ নিতে। তিনি বলেন, ‘এই বয়সে এসে একটু পড়ালেখা করতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক খরচ। বিশ্ববিদ্যালয় থেকে বলছে, বড় কারও সুপারিশ থাকলে ছাড় দেবে। আজকে স্যার সুপারিশ করেছেন। জমা দিয়ে দেখি, ২০ শতাংশ হলেও তো ছাড় পাবো।’
বাসভবনে আসা অন্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলকে আর এভাবে কাছে পাওয়া যাবে না— এমন ধারণা থেকেই অনেকে বুধবার এসেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তাব্যবস্থা আরও কড়াকড়ি হবে। তখন নিজেদের দাবি-দাওয়া কিংবা সমস্যার কথা এত কাছ থেকে বলার সুযোগ থাকবে না— এমনটিই মনে করছেন তারা।
একজনকে বলতে শোনা যায়, ‘রাষ্ট্রপতি হওয়ার পর আর এখানে আসা যাবে না। কাছে যাওয়া তো দূরে থাক। রাষ্ট্রপতির সিকিউরিটি তো সবার চেয়ে কড়া।’
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পরই আনুষ্ঠানিকভাবে জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে তা হতে যাচ্ছেন, এটি নিশ্চিত। এখন শুধু ভোটের আনুষ্ঠানিকতা বাকি। এরপর শুক্রবার নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
কেএইচ/একিউএফ