ইতিহাস বিকৃতি রোধে যার যার অবদান তুলে ধরা জরুরি: সংস্কৃতিমন্ত্রী

 

ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করতে হলে যার যার অবদান সঠিকভাবে তুলে ধরা জরুরি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জাতির নৈতিক দায়িত্ব। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ইতিহাসের এক সংকটময় সময়ে দেশ যখন নেতৃত্বশূন্য হয়ে পড়ে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা জনযুদ্ধের সূচনা করে। প্রকৃত ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে যার যতটুকু অবদান, তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, একটি কঠিন পরিস্থিতি থেকে নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছে দেশ। অর্থনীতি এবং ব্যাংক-বীমা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

রাষ্ট্রের প্রকৃত সার্বভৌমত্ব জনগণের হাতে—এই কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে সেই ক্ষমতা প্রয়োগ করে। 

‘আমরা ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসিনি; বরং সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে বদলে দিতে চাই’ বলেন মন্ত্রী। 

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা সরকারের লক্ষ্য। এজন্য প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এতে দেশ একটি সমৃদ্ধ ও স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংস্কৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি জাতির প্রাণ তার সংস্কৃতি। গ্রামবাংলার লোকজ শিল্প থেকে শুরু করে সব শাখায় শুদ্ধ চর্চা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। একটি শক্তিশালী সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্য শেষে তিনি শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট শিল্পী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরএমএম/জেএইচ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.