ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু, বেসরকারিতে প্রথম

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার দুয়ার খুললো।

সোমবার (১৬ জুন) সোয়াসের লন্ডন ক্যাম্পাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে একযোগে যৌথ পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোয়াসের লন্ডন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। লন্ডনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৬ জুন) রাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে গ্লোবাল ডেভেলপমেন্ট বা বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নতমানের গবেষণার সুযোগ তৈরি হবে।

‘পলিটিক্যাল ইকোনমি অব ডেভেলপমেন্ট’ বিষয়ে এ যৌথ ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সোয়াসেরর ডিপার্টমেন্ট অব ইকোনমিকস ও ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ।

পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই শাসনব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে গবেষণা করার সুযোগ পাবেন।

এদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে পিএইচডি প্রোগ্রাম চালু করলো। ২০২৩ সালের গ্রীষ্ম থেকেই এ উদ্যোগের প্রস্তুতি শুরু হয়। বিশ্ববিদ্যালয় দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন কোয়ালিটি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করেছে।

যৌথ পিএইচডি প্রোগ্রাম এ অঞ্চলের; বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গবেষণার সুযোগকে সহজলভ্য করবে। এর ফলে পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।

পিএইচডি প্রোগ্রামটি অত্যন্ত সহজ ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ডিজাইন করা হয়েছে। ব্র্যাক ও সোয়াস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ তত্ত্বাবধানে গবেষণা পরিচালিত হবে।

গবেষণার প্রয়োজনে শিক্ষার্থীরা ব্র্যাকের বিস্তৃত মাঠ পর্যায়ের অবকাঠামো ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে শিক্ষার্থীরা তাদের চাহিদা ও গবেষণার প্রয়োজন অনুযায়ী লন্ডন বা ঢাকায় থেকে গবেষণা করতে পারবেন।

প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের সোয়াসের মধ্যে এ উচ্চশিক্ষাভিত্তিক আন্তর্জাতিক কোলাবোরেশন শুরু হতে যাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি এ উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।

সোয়াসের উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব বলেন, নতুন এ কোলাবোরেশন আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার পথে বিদ্যমান বাধা দূর করে বৈশ্বিক উন্নয়নকে সামনে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটি গবেষণামূলক পরিবেশ গড়ে তুলতে চাই, যা গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান দিতে সক্ষম হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, এ উদ্যোগ আমাদের লক্ষ্যের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ, যা গবেষণাভিত্তিক গবেষণার মাধ্যমে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে। এ প্রোগ্রামটি বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈশ্বিক উন্নয়ন নিয়ে গভীরভাবে যুক্ত হওয়ার এবং বৈশ্বিক নীতিনির্ধারণে ভূমিকা রাখতে অনন্য সুযোগ সৃষ্টি করছে।

এএএইচ/এএমএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.