প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসি প্রসিকিউটর করিম এ খানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খান। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২৭ নভেম্বর) এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্টের গণ-আন্দোলনে সংঘটিত নৃশংসতার জন্য বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়।

প্রসিকিউটর করিম খান প্রধান উপদেষ্টাকে জানান, তার অফিস মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে।

করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে সমর্থন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালে সম্মেলনটি আয়োজনের সম্মতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সম্মেলন থেকে সংকটের টেকসই সমাধানের নতুন পথ খুঁজে পাওয়া যাবে। সম্মেলনের স্থান, তারিখ ও কার্যপদ্ধতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নির্ধারণ করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলন আন্তর্জাতিক সব অংশীদারকে একত্রে নিয়ে এসে সংকটের একটি স্থায়ী সমাধানের পথ বের করতে সাহায্য করবে, বিশেষ করে বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুরবস্থার বিষয়ে।

আমাদের নিশ্চিত করতে হবে যে এই সংকট বিস্ফোরিত না হয়, অধ্যাপক ইউনুস বলেন। শিবিরে বেড়ে ওঠা হতাশাগ্রস্ত যুবকদের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

jagonews24

সম্প্রতি বাংলাদেশে আরও কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঢল এবং মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা রাখাইন রাজ্যে একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যা বাস্তুচ্যুত মানুষদের সহায়তা ও চলমান মানবিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।

এই এলাকার নিরাপত্তা জাতিসংঘ নিশ্চিত করবে। যুদ্ধ থেমে গেলে এই এলাকায় বসবাসকারী লোকজন সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে, তিনি বলেন।

প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনকালে হাজারো গুম ও জুলাই-আগস্টের গণ-আন্দোলনে গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করা হবে।

আইসিসি প্রসিকিউটর বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। এই ট্রাইব্যুনাল এরই মধ্যে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান প্রসিকিউটর করিম খান এবং তার আইসিসি টিমের সদস্যদের জন্য এক ভোজের আয়োজন করেন।

খলিলুর রহমান বলেন, বাংলাদেশ আইসিসি প্রতিষ্ঠার রোম স্ট্যাটিউটে সই করা প্রথম এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম এবং আমরা আগামী দিনে আমাদের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করছি।

এমইউ/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.