ডিগ্রি পরীক্ষায় ৩০ মিনিট বেশি লিখতে পারবেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবির মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। এতে করে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়েও খাতায় ৩০ মিনিট বেশি লিখতে পারবেন।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত পরীক্ষার নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যেসব বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেগুলো সাড়ে তিন ঘণ্টা হবে। আর যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেগুলো এখন চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যে সময়ই থাকুক, ৩০ মিনিট করে সময় বাড়বে।

আরও পড়ুন

জানা যায়, তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে এটি করা হয়েছে। শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের অটোপাস দেওয়ার এখতিয়ার আমাদের নেই। তাই তাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ‘সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি ছয় বছরে রূপান্তর করা ও অটোপাসের দাবিতে’ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। প্রশ্ন উঠেছে একই কোর্সের অন্যান্য বর্ষের পরীক্ষায়ও সময় বাড়ানো হবে কি না?

আরও পড়ুন

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম বলেন, শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলেন, তখন উপাচার্য মহোদয়ের সঙ্গে তাদের কথা হয়েছিল। তারা উনার কাছে দাবি-দাওয়া পেশ করেছিলেন। সেগুলো যাচাই-বাছাই করে একাডেমিক কাউন্সিলে আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে।

অন্য শিক্ষা বর্ষগুলোর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাতেও সময় বাড়বে কি না, এ প্রশ্নে এনামুল করিম বলেন, এটি এখনই বলা যাচ্ছে না। আপাতত ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য এটি বহাল থাকবে। অন্য পরীক্ষাগুলোর সময় বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এএএইচ/এমকেআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.