আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নারী আইপিএলের নিলাম। প্রায় সপ্তাহখানেক আগে, আজ (শনিবার) নিলামে উঠা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। মোট ১৬৫ জন খেলোয়াড়ের জন্য লড়াই করবে দলগুলো যার মধ্যে ১০৪ জন ভারতের ও ৬১ জন বিদেশী ক্রিকেটার।
![]() |
| দুই বাংলাদেশী রাবেয়া ( বাঁয়ে) ও মারুফা (ডানে) থাকছে নারী আইপিএলের নিলামে। |
২০২৪ সালের আইপিএলের নিলামে আছে দুই বাংলাদেশী নারী ক্রিকেটার। ১৯ বছর বয়সী উদীয়মান পেসার মারুফা আক্তারের সাথে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রাবেয়া খান খেলার সুযোগ পেতে পারে আসন্ন আইপিএলে। সেট ১২ তে থাকা মারুফার ভিত্তিমূল্য ৩০ লাখ টাকা, সেট ১৩ তে থাকা রাবেয়ারও ভিত্তিমূল্য সমান।
লেগ স্পিনার রাবেয়ার পরিসংখ্যান চোখে পড়ার মতোই, ১৪ টি টি-২০ ম্যাচ খেলে ১৪ গড়ে ১৬ টি উইকেট নিয়েছে তরুন এই লেগী৷ প্রতি ১৮ বলে ৪.৫৭ ইকোনমি রেটে একটি করে উইকেট যুক্ত হয়েছে নামের পাশে। অপরদিকে জাতীয় দলের নিয়মিত মুখ মারুফা আলো ছড়িয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে।
আগামী আসরের এই নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ধরা হয়েছে ক্যারিবীয় অল-রাউন্ডার ডিনড্রা ডটিন ও অজি পেসার কিম গ্র্যাথের। ৪০ লাখ রুপির ভিত্তিমূল্যে আছে অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারেহাম, ইংল্যান্ডের এমি জোনস এবং দ. আফ্রিকার সবনম ঈসমাইল।
নিলামে খেলোয়াড়ের সংখ্যা বেশি হলেও দলগুলোতে স্লট ফাঁকা আছে খুবই কম, সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড় নিতে পারবে ৫ টি দল যার মধ্যে ৯ টি স্লট বিদেশী খেলোয়াড়দের। সবথেকে বেশি খরচ করার মত টাকা আছে গুজরাটের (৫.৯৫ কোটি) ও সর্বনিম্ন মুম্বাইয়ের (২.১ কোটি)।