![]() |
| বিশ্বকাপের হেক্সা পূরণ করলো অজিরা। ছবিঃ এএফপি |
ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর ভারতের তৃতীয় বিশ্বকাপ অধরাই থেকে গেলো। প্রতিপক্ষকে পুরোপুরি নিশ্চুপ, নীরব করে দিয়ে নিজেদের ৬ষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো প্যাট কামিন্সরা।
ফাইনালে আসার আগে টানা ১০ ম্যাচ ধরে অপরাজিত ছিলো ভারত। গ্রুপপর্ব ও সেমিফাইনালে পাওয়া সব প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিলো আকাশি নীলরা । ফাইনালের আগে পর্যন্ত রোহিত শর্মার দল ছিলো অপ্রতিরোধ্য, দুর্দমনীয়। তবে তীরে এসে তরী ডুবিয়েছে তারা, ফাইনালে রীতিমতো নিজেরাই উড়ে গেছে। আহমেদাবাদে কোনরকম প্রতিদ্বন্দ্বিতায় করতে পারে নি রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
![]() |
| নীল বেদনায় হলুদের জয়গান। ছবিঃ এএফপি |
অজিদের নিয়ন্ত্রিত বোলিং আর নিজেদের ব্যাটিং ব্যর্থতায় খুব বেশি রান তুলতে পারে নি ভারত। ভিরাট কোহলি ও কেএল রাহুলের অর্ধ-শতকের পরেও মাত্র ২৪১ রানের টার্গেট সেট করতে পারে তারা। অল্প পুঁজিতেও প্রথমের দিকে বেশ ভালো বোলিং করে ভারত, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ দ্রুত উইকেট তুলে। তবে তাদের কাজে পানি ঢেলে দেয় দুই অজি ব্যাটার ট্রাভিস হেড ও মারনুশ লাবুশেন। ১৯২ রানের জুটিতে ভারতের সব আশা ভরসা শেষ করে দেয় তারা। জয় থেকে ২ রান দূরে থামে হেড, প্যাভিলিয়নের পথে হাটা দেওয়ার আগে নামের পাশে জ্বলজ্বল করছিলো ১৩৭ রান। মারনুশ লাবুশেন অপরাজিত থাকেন ১১০ বলে ৫৮ রানে। তবে বিশ্বকাপ জয়ের রানটি আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।
বিশ্বকাপ ঘরে তোলা দলটার বিশ্বকাপ মিশন শুরু হয়েছিলো টানা ২ হার দিয়ে। অনেকে তাদেরকে গ্রুপপর্ব থেকেই বাদ দিতে চেয়েছিলো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস রচনা করলো অস্ট্রেলিয়া। ফুটবলে ব্রাজিল না পারলেও অস্ট্রেলিয়া কমপ্লিট করে দেখিয়ে দিলো বিশ্বকাপের ‘হেক্সা’।